সিলেটের বরুণা মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
দেশি-বিদেশি লাখো মুসল্লিদের অংশগ্রহণে শনিবার ফজরের নামাজ আগে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদীর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে সিলেট বিভাগের সবচেয়ে বড় ছালানা ইজলাস আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।
বরেণ্য বুজুর্গ আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.)-এর প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
শুক্রবার সকাল ১০টায় মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বর বয়ানের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে আজ৩০ জানুয়ারি শনিবার শেষ রাতে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় । দিবা রাত্রব্যাপী এই মহাসম্মেলনে অংশ নিতে দেশি-বিদেশি মুসল্লিদের শুক্রবার সকাল থেকেই ঢল নামে।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওলী, বুযুর্গ, আলেম-ওলামা, বুদ্ধিজীবি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, সাধারণ মানুষ, হযরত শায়খে বর্ণভী রহ.’র মুরিদানের আগমনে শ্রীমঙ্গলের বরুণা মাদ্রাসা ময়দান ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখরিত হয়েছিল। সকাল থেকেই দূর দুরান্ত আশপাশের লোকজন জুমার নামাজের জামাতে অংশ নিতে হেঁটে বরুণা মাদরাসা ময়দানে আসেন।
দুপুর ১টায় জামেয়ার দৃষ্টিনন্দন মসজিদ ও সুবিশাল মাঠ জুড়ে লাখো মুসল্লীর অংশগ্রহণে জুম’আ’র আগত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা অংশ নেন। এতে নামাযের ইমামতি করেন মুফতি রশিদুর রহমান ফারুকী পীর সাহেব বরুনা৷
সম্মেলনে মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরীসহ দেশ-বিদেশের প্রখ্যাত আলেম, বরেণ্য ইসলামি স্কলার, বুজুর্গানে দ্বীন ও ইসলামি চিন্তাবিদরা বয়ান করেন। দেশের বিভিন্ন স্থান থেকে শায়খে বর্ণভীর (রহ.) লাখো ভক্ত-মুরিদসহ ধর্মপ্রেমিক মুসল্লিরা অংশ গ্রহন করেন৷
মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী এবারই প্রথমবারের মতো সম্মেলনে সভাপতিত্ব করেন। এর আগে দীর্ঘদিন সভাপতিত্ব করেছেন বরুণা মাদরাসার সদরে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী। তিনি ২০২০ সালের ৮ অক্টোবর দিবাগত রাতে ইন্তেকাল করেন।
শায়খুল আরব ওয়াল আজম মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা, বরেণ্য বুজুর্গ, শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.) ১৯৪১ সালে বরুণা মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষা ছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসাটি সমাজ কল্যাণমূলক নানা কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বৃহত্তর সিলেট অঞ্চলে খ্যাতি লাভ করেছে।
বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী বলেন ‘লাখো মানুষের এ আন্তর্জাতিক মহাসম্মেলনে সকাল ১০টা থেকে শেষ রাত পর্যন্ত দেশ বিদেশের দাওয়াতি উলামায়ে কেরাম বয়ান পেশ করেন। শেষরাতে লাখো মানুষের জিকিরে বিমোহিত হয় আল্লাহু আল্লাহু ধ্বনি। আখেরী মুনাজাতে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে সম্মেলন সমাপ্তি হয়’।


No comments